মৌলভীবাজারে দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ ৫ জন ডাকাত গ্রেফতার
মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কার, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্সসহ আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ৫ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট (হাসামপুর) গ্রামের সেলিম মিয়া ওরফে হেলিম মিয়া ওরফে ছিকন আলী (৩৫), শ্রীমঙ্গল থানার উত্তর পাচাউন গ্রামের শাহ ইকবাল হোসেন ওরফে শাহ পরান ওরফে রূপন মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার শ্রীরাইনগর গ্রামের মবিল খান (৪৮), সিলেট জেলার বালাগঞ্জ থানার নসিয়ারপুর গ্রামের শাহেদ মিয়া (২৬) এবং পতন (শাহবন্দর) গ্রামের মো. অভি (২৪)।
অভিযানকালে তাদের ব্যবহৃত প্রাইভেট কার থেকে একটি কাটার মেশিন, একটি ধারালো দা, একটি চাকু, একটি লোহার পাইপ, একটি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট দীর্ঘ একটি রশি উদ্ধার করে জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় চুরি ও নারী নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া সেলিম মিয়ার বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চুরি ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে। মবিল খান ও শাহেদ মিয়ার বিরুদ্ধেও একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

