সিলেটে কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা
কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সিলেটের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়েছে।
দিনভর জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত টহলের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার রাখা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, দুপুর ২টা পর্যন্ত গড়ে ৩৫ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, দুপুর পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো অভিযোগও পাওয়া যায়নি। সকাল সাড়ে ১১টা পর্যন্ত গড়ে প্রায় ২০ শতাংশ ভোট পড়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বৃদ্ধি পায় বলে জানান সংশ্লিষ্টরা।
তবে নগরীর অন্তত ১৫টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কয়েকটি কেন্দ্র ছাড়া অনেক স্থানে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। কিছু কেন্দ্র ফাঁকা দেখা যায়। অন্যদিকে চা শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। শিবগঞ্জ এলাকার নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩ হাজার ২৭০ ভোটের মধ্যে দুপুর দেড়টা পর্যন্ত ৮৮৭টি ভোট পড়ে বলে জানান প্রিসাইডিং অফিসার তোফায়েল আহমদ চৌধুরী। এমসি কলেজের নারী কেন্দ্রে ৩ হাজার ৫৬২ ভোটের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ৯৫৯টি ভোট পড়ে বলে জানান প্রিসাইডিং অফিসার মো. সাইফুদ্দিন। ওই কেন্দ্রে ভোট দেওয়া অর্পিতা দেব দৃষ্টি বলেন, পরিবেশ ভালো ছিল এবং কোনো ভিড় ছাড়াই ভোট দিতে পেরেছেন।
ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জে ৩ জন এবং হবিগঞ্জের বানিয়াচংয়ে ৭ জনকে আটক করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন এবং রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জনকে আটক করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে বানিয়াচং উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সাত কিশোরকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী জানান, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক এবং তারা প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোটের দিন বিভিন্ন আসনের প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সিলেটে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৬১০ জন। কেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৬টি। ছয়টি আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে পর্যায়ক্রমে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে।

