রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন চৌধুরী

রাজনীতি থেকে অবসর নিলেন শমসের মবিন চৌধুরী

প্রবীণ রাজনীতিবিদ শমসের মবিন চৌধুরী বীর বিক্রম সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। বর্তমানে তিনি ‘তৃণমূল বিএনপি’র চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১৬ নভেম্বর) দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তৈমূর আলম খন্দকারকে পাঠানো ওই চিঠিতে শমসের মবিন চৌধুরী লিখেছেন, ‘এই মর্মে আপনাকে এবং আপনার মাধ্যমে সবাইকে অবগত করছি যে, শারীরিক কারণে আমি শমসের এম চৌধুরী রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে তৃণমূল বিএনপির সব পদ থেকে আমি পদত্যাগ করিলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হইল।’

সাবেক সামরিক কর্মকর্তা, পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর রাজনৈতিক যাত্রা ছিল বেশ নাটকীয়। একসময় তিনি সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে কূটনৈতিক জীবনে যুক্ত হন। বিএনপি–জামায়াতে ইসলামীর জোট সরকারের সময়ে তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর বিএনপিতে যোগ দিয়ে দ্রুতই দলে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন তিনি। ২০১৮ সালের অক্টোবরে তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন এবং দলটির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

এরপর ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিকল্পধারা বাংলাদেশ ছাড়েন শমসের মবিন। একই বছর তিনি তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে দলটির চেয়ারপারসন মনোনীত হন।