দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলার আহ্বান

রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলার আহ্বান

আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় পারস্পরিক বিশ্বাস ও সম্মান, অভিন্ন স্বার্থ ভাগাভাগির নীতিতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) কর্তৃক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে আয়োজিত সপ্তম সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।

নয়াদিল্লির ফরেন সার্ভিস একাডেমি সুষমা স্বরাজ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে খলিলুর রহমান বলেন, কলম্বো সিকিউরিটি কনক্লেভ পারস্পরিক আস্থা, সুবিধা ভাগাভাগি এবং কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পারস্পরিক আঞ্চলিক বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে যেকোনো বিষয়ে অভিন্ন সমাধান খুঁজে পেতে প্রস্তুত রয়েছে। এছাড়া ওই কনক্লেভ যেন একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসেবে গড়ে ওঠে সে বিষয়ের ওপর জোর দেন ড. খলিলুর রহমান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন- বৈশ্বিক জিডিপি, আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি এবং কৌশলগত প্রভাবের ক্ষেত্রে ভারত মহাসাগরীয় এলাকার সম্মিলিত অংশীদারত্ব আমাদের আকাঙ্ক্ষা ও সামষ্টিক দৃষ্টিভঙ্গিকে গড়ে তোলে। খলিলুর রহমান আরও বলেন, আমাদের অঞ্চলের সামুদ্রিক ক্ষেত্র আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশ তার দায়িত্ব পালনে অটল। এ লক্ষ্যে ঢাকা জলদস্যুতা, অবৈধভাবে মৎস শিকার, সামুদ্রিক সন্ত্রাসবাদ ও অপরাধ মোকাবিলায় মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

খলিলুর রহমানের ভাষায়, অতীতে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও উগ্রবাদের কিছু চ্যালেঞ্জ বাংলাদেশও মোকাবিলা করেছে। আমরা যেকোনো পরিস্থিতিতে সকল প্রকার সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, সম্প্রতি বাংলাদেশ ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্যের (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) হুমকির মুখোমুখি হয়েছে। 
এর আগে স্বাগতিক দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্মেলনের শুরুতে বক্তৃতা করেন। নিজের বক্তৃতার শুরুতে অজিত দোভালকে ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান।