সিলেটে মাসব্যাপী নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার প্রত্যয়

সিলেটে মাসব্যাপী নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার প্রত্যয়

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ব্র্যাক ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী 'ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬' এর সমাপনী অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন, স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক এর ক্লাস্টার ম্যানেজার সাফায়েত হোসেন আহমেদ,  সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদ এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য মকসুদ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইং এর সম্পাদক তারিকুজ্জামান নান্নু, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মোঃ নূর হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আশরাফ হোসাইন আরমান,  জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় ও হকি কোচ এ কে এম সামসুদ্দিন তুহিন এবং সহকারী কোচ মোঃ আব্দুল মুহিন মুন্না, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু এবং কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন রাসেল ও আজিজুর রহমান মিটন, ক্রীড়া সংগঠক মিলাদ আহমদ,  মিজানুর রহমান মিজান, মহসিন আলী, প্রদীপ কুমার সিংহ, ইসমত আলী, আলী আশরাফ, মিনহাজুর রহমান মিনহাজ,  ইমতিয়াজ আহমদ জগলু, আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ক্রিকেট, ফুটবল এর পাশাপাশি হকিতেও সিলেটের মেয়েদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বাংলাদেশ নারী হকি উন্নয়নে এধরনের পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। এউদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ হকি ফেডারেশনসহ স্থানীয়ভাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান। 
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক বলেন, ‘মেয়েরা খুব সাফল্য অর্জন করছে। এজন্য বিশেষ ধন্যবাদ ব্র্যাক ব্যাংককে। গত দুই বছর ধরে অপরাজেয়ার আলো সমগ্র বাংলাদেশ জুড়ে যে ট্যালেন্ট হান্টিং এবং ক্যাম্প পরিচালনা করছে তাতে আমি দেখতে পেরেছি অনেক স্পন্সরের আগ্রহ বেড়েছে। আমরা এটা ভবিষ্যতে আরো বড় আকারে করার পরিকল্পনা করছি।’
তৃণমূল থেকে প্রতিভা অনুসন্ধান করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘জেলাভিত্তিক কর্মসূচির পরে ভালো ভালো প্রতিভাদের বাছাই করে বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট হবে। ওখান থেকে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা হবে, যেটা গত বছরও হয়েছিল।’

দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ শুরু করতে চান জানিয়ে তিনি বলেন, ‘এখন পনের, বিশ দিনের ক্যাম্প করলাম কিন্তু বাকি সারা বছর এরা হকির সংস্পর্শে থাকল না। এতে উপকার নেই। এজন্য সারা বাংলাদেশ থেকে মূল প্রতিভাগুলোকে বাঁছাই করে ঢাকায় লম্বা সময়-দুই থেকে তিন মাস ক্যাম্প করব, সেটা বিকেএসপিতে হতে পারে। পরে দীর্ঘমেয়াদী অন্তত পাঁচ বছরের একটা পরিকল্পনায় আনলে বাংলাদেশে মেয়েদের হকিতে একটা পরিবর্তন ইনশাল্লাহ আমরা দেখতে পাব।’