সিলেটে মোটরসাইকেল–নোহা সংঘর্ষে যুবক নিহত, আহত ১

সিলেটে মোটরসাইকেল–নোহা সংঘর্ষে যুবক নিহত, আহত ১

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় তার বন্ধু গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাতটার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম বাধন আহমেদ। তিনি বিয়ানীবাজার থানার নওয়াখানী গ্রামের বাসিন্দা রুহেল আহমেদের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি মাহিন, যিনি বাধন আহমেদের বন্ধু এবং মোটরসাইকেলের অপর আরোহী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলের সঙ্গে একটি নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার এ তথ্যটি নিশ্চিত করেছেন।