‘এ কেমন যুদ্ধবিরতি?’, গাজা ইস্যুতে ব্রিটিশ দাতব্য সংস্থার প্রধানের প্রশ্ন
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে দেশটির কাছে সব ধরনের অস্ত্র সরবরাহ অবিলম্বে স্থগিত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টাইনসের প্রধান নির্বাহী স্টিভ কাটস। পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, ‘এ কেমন যুদ্ধবিরতি?’
আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গাজায় যা ঘটছে, তা নিয়ে যুক্তরাজ্য সরকারের ক্ষোভকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে। এজন্য ইসরায়েলে সব ধরনের অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
স্টিভ কাটস অভিযোগ করেন, গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় একজন সার্জন নিহত হয়েছেন। হাসপাতালটিতে তিনি দায়িত্ব পালন করছিলেন। এছাড়া হাসপাতালের শয্যায় থাকা রোগীরাও নিহত হয়েছেন এবং অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘এ কেমন যুদ্ধবিরতি? ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে, গাজার হাসপাতালগুলোকে এমন একটি স্বাস্থ্যব্যবস্থার ধ্বংসাবশেষ সামাল দিতে হচ্ছে, যেটিকে ইতোমধ্যে পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে।’
সূত্র: আল জাজিরা

