দেশে জুলুম ও বৈষম্যের রাজনীতি চলছে: সিলেটে ডা. শফিকুর রহমান

দেশে জুলুম ও বৈষম্যের রাজনীতি চলছে: সিলেটে ডা. শফিকুর রহমান

সিলেটে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দায়িত্ব পেলে আগামী পাঁচ বছরে দেশের দৃশ্যমান পরিবর্তন আসবে। তরুণ প্রজন্ম ও মা–বোনদের স্বপ্নের নতুন বাংলাদেশ বাস্তবে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার(৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশে জুলুম ও বৈষম্যের রাজনীতি চলছে। এ সময় তিনি দাবি করেন, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তবে অতীতের কোনো ঘটনার প্রতিশোধ নেওয়ার পথে দলটি যায়নি বলে উল্লেখ করেন তিনি। প্রতিশোধের রাজনীতি, মামলা বাণিজ্য ও দমন-পীড়নের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির।

সিলেটের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সিলেটবাসী ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। এখনও অনেক এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সুবিধা পৌঁছায়নি, নদীগুলো অবহেলায় নষ্ট হচ্ছে এবং মাদক ছড়িয়ে পড়েছে। দায়িত্ব পেলে এসব সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান।

দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের সম্পদ লুটপাট বন্ধ করাই তাদের অন্যতম অগ্রাধিকার। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হবে।

সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, কেবল নামেই নয়, বাস্তব কাজের মাধ্যমেই এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। পাশাপাশি কৃষক, জেলে ও চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগের কথা জানান তিনি। চা-বাগানের শ্রমিক সন্তানদের শিক্ষা ও ভবিষ্যতের দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও মন্তব্য করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে সংক্ষেপে বক্তব্য রেখে তিনি বলেন, নারীদের সম্মান রক্ষার প্রশ্নে তিনি সবসময় সোচ্চার থাকবেন এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হলেও তিনি ক্ষমাশীলতার পথ বেছে নিয়েছেন।

সমাবেশের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, তিনি সিলেটের সন্তান হিসেবে জনগণের সেবক হয়ে কাজ করতে চান। দেশের মালিক নয়, জনগণের দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা বক্তব্য দেন। পরে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

জনসভাকে ঘিরে দুপুর থেকেই সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। এদিনের সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশগ্রহণ করেন। একই দিনে হবিগঞ্জ ও মৌলভীবাজারেও নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির।