সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

সিলেট নগরীতে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার এক ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে নগদ প্রায় দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী অপু কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন শেখপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মার্চ দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী তাকে ও তার চাচাতো ভাইকে ঘিরে ধরে। হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা তাদের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে।

প্রাণভয়ে ব্যবসায়ী নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইকারীদের হাতে তুলে দেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যে ছিনতাইকারীরা নগদ প্রায় দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর জালালাবাদ থানা-র পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদ জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি পুলিশ নিজ উদ্যোগেও একটি জিডি করেছে এবং অপরাধীদের শনাক্তে কাজ চলছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর নয় দিন পর ৫ মার্চ সকালে সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কেও আরেক নারী ছিনতাইয়ের শিকার হন।

সাম্প্রতিক ধারাবাহিক এসব ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।