সিলেটে অভিযানে গ্রেফতার ২৯

সিলেটে অভিযানে গ্রেফতার ২৯

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অভিযানকালে বিভিন্ন ধরনের মালামালও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১১ পিস ভারতীয় কম্বল, ৪৪ পিস ইয়াবা, ৩০০ কেজি ভারতীয় জিরা, ১০ হাজার ৮০ প্যাকেট হাইড অ্যান্ড সিক ব্ল্যাক বোরবন বিস্কুট, ২ হাজার ৬৪০ পিস জুস এবং ৩২০ প্যাকেট ফুচকা।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৯টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।