এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি - অভিজিৎ দিপকে

এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি - অভিজিৎ দিপকে

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’। ভারত এর আগে এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।’

শনিবার মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে উড়োজাহাজের ভেতর থেকে দিল্লি পুলিশ অভিজিৎ দিপকেকে আটক করে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর রোববার আদালতের নির্দেশে মুক্তি পান তিনি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। রোববার স্থানীয় সময় বেলা দুইটায় দলটির সংবাদ সম্মেলন করেছে দলটি।

শনিবার যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি পৌঁছান অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়।

রোববার দিল্লির দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিজিৎ দিপকে আটক হওয়ার পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব পাওয়া অজিঙ্কা শিন্ডে বলেন, আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই আসে না। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলেও জানান তিনি।