সিলেটে যুবকের ইটের আঘাতে বিএনপির নেতা নিহত
সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুতে তর্ক-বিতর্কের জেরে ইটের আঘাতে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।
ঘটনাটি ঘটে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে প্রস্রাব করছিলেন স্থানীয় যুবক সুমন আহমদ। এতে আব্দুর রহমান আপত্তি জানালে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আব্দুর রহমান প্রশ্রাবকারী ওই ছেলেকে মারধর করেন। এসময় সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। মারধর কারনে সুমনও আহত হয় আহত অবস্থায় তাকে ও সুমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান মারা যান। আর সুমন চিকিৎসাধীন অবস্থাতেই কোনো এক সময় হাসপাতাল থেকে পালিয়ে যান।
তিনি আরও বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সুমনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে।

