সংরক্ষিত নারী আসন ঘিরে সিলেটে বিএনপিতে হিসাব-নিকাশ

সংরক্ষিত নারী আসন ঘিরে সিলেটে বিএনপিতে হিসাব-নিকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেতরে সম্ভাব্য মনোনয়নকে কেন্দ্র করে চলছে হিসাব-নিকাশ ও নীরব লবিং। দলীয় নেতাকর্মীদের আলোচনায় উঠে আসছে একাধিক নারী নেত্রীর নাম।

দলীয় সূত্রে জানা যায়, সাধারণ আসনের ফলাফল ঘোষণার পর থেকেই সংরক্ষিত নারী আসন নিয়ে সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং অতীত সাংগঠনিক ভূমিকার বিষয়গুলো সামনে আনা হচ্ছে নতুন করে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দলের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক বিবেচনার ওপর।

আলোচনায় থাকা সম্ভাব্যদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীও আলোচনায় রয়েছেন। সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু মিয়া)-এর কন্যা সৈয়দা আদিবা হোসেনের নামও শোনা যাচ্ছে দলীয় মহলে।

এ ছাড়া সাবিনা খান পপি, হাদিয়া চৌধুরী মুন্নি, সামিয়া বেগম চৌধুরী, তাহসিন শারমিন তামান্না এবং জেবুন নাহার সেলিম—প্রত্যেককে ঘিরেই রয়েছে নিজস্ব সমর্থন বলয় ও রাজনৈতিক সমীকরণ।

এদিকে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে ফাতেমা জামানের নাম। তিনি বিএনপি সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলাদল সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নগর রাজনীতিতে তাঁর সক্রিয়তা ও দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততার কারণে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য তালিকায় তাঁর নামও গুরুত্ব পাচ্ছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংরক্ষিত আসনের মনোনয়ন নির্ধারণে শুধু রাজনৈতিক পরিচয় নয়, বরং সাংগঠনিক অবদান, ত্যাগ, নেতৃত্বের সঙ্গে সমন্বয় এবং ভবিষ্যৎ ভূমিকার সক্ষমতা বিবেচনায় নেওয়া হয়।

তারা আরও বলেন, এটি সম্পূর্ণভাবে দলীয় প্রধানের সিদ্ধান্ত। সিলেট থেকে যিনি সবচেয়ে যোগ্য ও দলের প্রতি নিবেদিত, তাকেই মনোনয়ন দেওয়া হবে বলে আমরা আশা করছি।

সব মিলিয়ে, সংরক্ষিত নারী আসনকে ঘিরে সিলেটে বিএনপির ভেতরে এখন অপেক্ষা—চূড়ান্ত সিদ্ধান্তের।