সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৫
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ এবং একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল-এ চিকিৎসাধীন ছিলেন।
মৃত শিশুরা হলো—সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আফসরনগর এলাকার রমজান আলীর ১৪ মাস বয়সী ছেলে মহসিন, সিলেট সদর উপজেলার পীরেরগাঁও এলাকার মাজেদের আট মাস বয়সী ছেলে মাজহারুল এবং মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন এলাকার মিলু মিয়ার চার মাস বয়সী কন্যাশিশু তানিয়া।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭০ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে আরও পাঁচজন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৫৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মৃত শিশুদের মধ্যে চারজনের হাম নিশ্চিত হওয়া গেলেও বাকিদের ক্ষেত্রে উপসর্গের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

