স্বাধীনতা দিবসে সিলেটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

স্বাধীনতা দিবসে সিলেটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণ করেছে সিলেটবাসী। শ্রদ্ধা জানাতে ফুল হাতে শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা যায়।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্মদিন উদযাপন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনারের পুরো বেদি।

স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনগুলো আলোচনা সভাসহ নানা আয়োজন করেছে।

এর আগে সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, সিলেট চেম্বার অব কমার্স, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র‌্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ ও সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

সকালে সিলেট স্টেডিয়ামে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী।