সিলেটে বিশেষ অভিযানে ৬১ জন গ্রেফতার
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এসএমপি সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত ১২টা থেকে ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, হকার, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার হওয়া ব্যক্তিরা রয়েছেন।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ১২৩টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ ও অপরাধমুক্ত সিলেট গড়ে তুলতে মহানগরজুড়ে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

