সিলেটে র্যাব অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র্যাব-৯। উদ্ধারকৃত এসব আলামত নাশকতামূলক কাজে ব্যবহারের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ ফেব্রুয়ারি) ভোররাতে তাদের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকার একটি পরিত্যক্ত ভবনের আশপাশে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তল্লাশি চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— একটি বিদেশি ৯ মিলিমিটার রিভলভার, তিনটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, তিনটি পাওয়ার জেল এবং পাঁচটি শটগানের কার্তুজ।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া নন-ইলেকট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেল উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তবে অভিযানের সময় এসব আলামতের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জিডিমূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
এদিকে র্যাব আরও জানায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত র্যাব-৯ এর দায়িত্বপূর্ণ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৪১টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ১৩ হাজার ৫২৫ গ্রাম বিস্ফোরক, ৭৯টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং ১০৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এসব অভিযান সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও দাবি সংস্থাটির।

