বগুড়া-২ আসনে মান্নার মনোনয়নপত্র বাতিল
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে বগুড়া-২ আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই কালে মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহামুদুর রহমান মান্নান মনোনয়নপত্রে তথ্যের কী গরমিল ছিল এবং মনোনয়নপত্র বাতিল করার কারণ হিসেবে বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা হলফনামায় নোটারি পাবলিকের ল’ ইয়ারের স্বাক্ষর ছিল ২৮ তারিখ। কিন্তু প্রার্থী হিসেবে মাহামুদুর রহমান মান্নার স্বাক্ষর ছিল ২৯ তারিখে। স্বাক্ষর একদিন আগে পিছের কারণ মনোনয়নপত্র বাতিল করা হয়। তাতে প্রতীয়মান হয়েছে প্রার্থী নোটারি পাবলিকের সামনে স্বাক্ষর করেননি। স্বাক্ষর করার নিয়ম নোটারি পাবলিকের সামনে। তবে আপিল করার সুযোগ আছে বলেও তিনি জানান।
বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয় ২৯ ডিসেম্বর। বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মান্নার পক্ষে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। বিএনপি জোটের প্রার্থী হিসেবে মান্নার নাম ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত দলের কেটলি মার্কা নিয়ে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন দাখিল করেন।
মান্নার বিপরীতে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তাকে দল থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ২৯ নভেম্বর স্বাক্ষর করা দলীয় মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নপত্র বাছাই শেষে মীর শাহে আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আসনটিতে জামায়াতের সাবেক এমপি মাওলানা শাহাদুতজ্জামান পুনরায় জামায়াতের প্রার্থী হয়েছেন। তারও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিল না করায় বাতিল করা হয়।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এই অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

