সিলেটে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত
সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিতর্কের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে।
বুধবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। আটক পারভেজ আহমদ (৩২) মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্র মতে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধের জেরে পারভেজ ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পারভেজকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের তার নানাবাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

