সিলেটে হামের উপসর্গে হাসপাতালে ভর্তি ১২৭, মৃতের সংখ্যা ১৮২
সিলেট বিভাগে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার (৪ অক্টোবর) পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮২ জন।
রোববার (৪ অক্টোবর)সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত সিলেট জেলায় ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
এদিকে রোববার নতুন করে ১২৭ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, বিয়ানীবাজারে ৬ জন, কোম্পানীগঞ্জে ১ জন, বিশ্বনাথে ৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬০৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩০৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৩৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্দেহজনক হামে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছরে এখন পর্যন্ত বিভাগে মোট ১৮২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭২ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী ছিলেন।
জেলাভিত্তিক প্রাণহানির হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এ জেলায় মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন সন্দেহজনক এবং ৪ জন নিশ্চিত হাম রোগী।
এর পরেই রয়েছে সুনামগঞ্জ জেলা। সেখানে মোট ৬৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৫ জন সন্দেহজনক এবং একজন নিশ্চিত হাম রোগী ছিলেন।
এ ছাড়া হবিগঞ্জে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ জন সন্দেহজনক এবং ৪ জন নিশ্চিত হাম রোগী। মৌলভীবাজারে মারা গেছেন ১৫ জন—যাদের ১৪ জন সন্দেহজনক এবং একজন নিশ্চিত হাম রোগী ছিলেন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

