পুরুষ সঙ্গীকে হত্যার দায়ে বৃটিশ বাংলাদেশী সমকামি ইমরান উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
বৃটিশ-বাংলাদেশী সমকামি ইমরান উদ্দিন (৩৫) তার ২৪ বছর বয়সী জীবনসঙ্গী ইসমাইল ইউনিসকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন । তাকে ন্যূনতম ২১ বছর কারাগারে থাকতে হবে । ইসমাইল তাদের সম্পর্কের ইতি টানার চেষ্টা করার পর এই হত্যাকাণ্ড ঘটে ।
শুনানী শেষে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বার্মিংহ্যাম ক্রাউন কোর্টে এই রায় ঘোষণা করেন বিচারক। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় ২০২৫ সালের ১৭ আগস্ট।
বার্মিংহামের একটি ফ্ল্যাটে দু’জনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ইমরান উদ্দিন ইসমাইলকে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহটি ফ্ল্যাটে রেখেই তিনি সেখান থেকে পালিয়ে মিল্টন কিনসে চলে যান।
ঘটনাটিকে আরও মর্মান্তিক ও শিউরে ওঠার মতো করে তুলেছে হত্যার পর ইমরানের স্বাভাবিক আচরণের সিসিটিভি ফুটেজ। ইসমাইলের মরদেহ তখনও ফ্ল্যাটে পড়ে থাকা অবস্থায় তাকে চুল কাটাতে, ভ্রু থ্রেডিং করাতে এবং একটি চিকেন শপে যেতে দেখা যায়।
হৃদয়বিদারক এই হত্যাকাণ্ডের বিচার শেষে আদালত ইমরান উদ্দিনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, যার মধ্যে তাকে অন্তত ২১ বছর কারাভোগ করতে হবে।

