স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক
নিঃশর্ত ক্ষমা চেয়ে শোকজের জবাব দিলেন সেই চিকিৎসক
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পেয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে নোটিশের জবাব দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ‘শোকজের চিঠি হাতে পেয়ে আজ (রবিবার) সকাল ১১টার দিকে হাসপাতালের পরিচালকের কাছে জমা দিয়েছি। ডিজি বয়স্ক মানুষ, আমারও বেয়াদবি হয়েছে।
শোকজের জবাবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমতা চেয়েছি।’
গতকাল শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন স্বাস্থ্যের ডিজি আবু জাফর। সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। একপর্যায়ে ডিজি হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে সেখানে চেয়ার-টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে।
এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তাঁর সঙ্গে তর্কে জড়ান।
ওই ঘটনায় ওইদিন বিকেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ করায় ধনদেব চন্দ্র বর্মণকে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌসের দেওয়া নোটিশের জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়। আজ রবিবার তিনি ওই শোকজের জবাব দেন।
এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘আমরা ওই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি ও শোকজ করেছিলাম। এখন শোকজের জবাব পেয়েছি। তাঁর বিষয়ে এখন কী সিদ্ধান্ত হবে, সেটা পরে জানা যাবে।’

