ফ্লোরিডায় নিহত লিমনের গ্রামের বাড়িতে শোকের মাতম

ফ্লোরিডায় নিহত লিমনের গ্রামের বাড়িতে শোকের মাতম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) জামালপুরের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকায় লিমনের গ্রামের বাড়িতে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

নিহত লিমন লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে। তার শৈশব কেটেছে গাজীপুরের মাওনা এলাকায়।

বর্তমানে তারা রাজধানীর বসুন্ধরা এলাকায় বসবাস করেন।
স্বজনরা জানান, যুক্তরাষ্ট্রে গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল আহমেদ লিমন ও তার বান্ধবী নাহিদা সুলতানা বৃষ্টি।

তারা দুজনেই খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এক বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান। সেখানে তিনি পিএইচডি করছিলেন।
গত শুক্রবার জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে ফ্লোরিডার স্থানীয় পুলিশ।
নিহতের জেঠি আকলিমা আক্তার বলেন, দুই ভাইয়ের মধ্যে লিমন বড় ছিল। ছোটোবেলা থেকেই খুব মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তার বিয়ের কথা ছিল। আমরা পাত্রীও দেখছিলাম। এই হত্যাকাণ্ডের বিচার চাই, আর তার লাশ দেশে ফেরত চাই।

নিহতের জেঠা জিয়াউর হক বলেন, আমার ভাতিজা ছোটোবেলা থেকে ঢাকায় বড় হয়েছে। মাঝেমধ্যে এলাকায় বেড়াতে আসত। আমরা শুনেছি, এ ঘটনায় এক মেয়ে নিখোঁজ রয়েছে, যার বাড়ি মাদারীপুরে।

নিহতের চাচা আল আমিন বলেন, গত বুধবার জামিলের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। পরে বৃহস্পতিবার রাতে জানতে পারি, তার খণ্ডবিখণ্ড লাশ পাওয়া গেছে। খবর শুনেই ঢাকায় বড় ভাইয়ের কাছে চলে এসেছি।