সিলেটে লন্ডনে পাঠানোর নামে তরুণ-তরুণীদের সাথে প্রতারণা স্বামী-স্ত্রী’ কারাগারে

সিলেটে লন্ডনে পাঠানোর নামে তরুণ-তরুণীদের সাথে প্রতারণা স্বামী-স্ত্রী’ কারাগারে

লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক তরুণ-তরুণীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের কথিত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগীরা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ নং–৭/৫ জুন ২০২৫ দায়ের করেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের কোতোয়ালী থানার সেক্টর–৭ এর একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া।

গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মিরজানগর সি ব্লকের মো. ইব্রাহীম ও নাছিমা বেগমের ছেলে মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) এবং তার কথিত স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)।

রোববার (৭ ডিসেম্বর) তাদের সিলেটে নিয়ে এসে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, সিলেটের জিন্দাবাজারের এলিগেন্ট মার্কেটে ‘এস আই ইন্টারন্যাশনাল’ নামের একটি ট্রাভেলসের মালিক ছিলেন এ দম্পতি। লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার লোভ দেখিয়ে তারা আইইএলটিএস–পাস করা বহু যুবক-যুবতীকে আকৃষ্ট করেন।

অনেকে নিজেদের গহনা, জমি–জমা বিক্রি করে জনপ্রতি ১৫ লাখ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত তাদের হাতে তুলে দেন।

প্রতারক চক্রটি ভুয়া ভিসার ছবি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগীরা জানতে পারেন—দেখানো ভিসাগুলো ছিল সম্পূর্ণ জাল। এরপর অফিস বন্ধ করে এবং মোবাইল ফোন বন্ধ রেখে গা–ঢাকা দেয় প্রতারক দম্পতি।

অর্থ হারানো এসব তরুণ-তরুণী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে যশোর থেকে তাদের গ্রেফতার করে সিলেটে নিয়ে আসে।

ভুক্তভোগীদের দাবি প্রতারিত এক তরুণী বলেন, আমরা অনেক কষ্ট করে গহনা বিক্রি করে উনাদের টাকা দিয়েছি। কিন্তু পরে দেখি সব কিছু ভুয়া। আমরা ন্যায়বিচার এবং আমাদের টাকা ফেরত চাই।

পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রতারিতদের টাকা উদ্ধারেও চেষ্টা চলছে।