মৌলভীবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকাজুড়ে চাঞ্চল্য

মৌলভীবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকাজুড়ে চাঞ্চল্য

মৌলভীবাজারের কমলগঞ্জে মো. আক্কাছ মিয়া (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ধলাই নদীর পাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আক্কাছ মিয়া উপজেলার রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড় ছেলে। সকালে তার ছোট ভাই হাসান খোঁজ করতে গিয়ে নদীর পাড়ে আক্কাছের ব্যবহৃত বাইসাইকেল পড়ে থাকতে দেখে। পরে আশপাশে খুঁজতে খুঁজতে গাছের সঙ্গে ঝুলন্ত তার মরদেহ দেখতে পায়। মরদেহের দুই পা মাটিতে লেগে থাকায় স্বজনসহ স্থানীয়দের মধ্যে রহস্য ও সন্দেহ তৈরি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, রঙমিস্ত্রি আক্কাছ রোববার রাত ৯টায় ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার আগে বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসা এলাকার কাছে দেখতে পান। এরপর রাতভর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা মো. শওকত জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হলেও মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।