সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ৪০
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। ঘটনাগুলো বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে ছাদিরপুর ও রফিনগর গ্রামে ঘটে।
ছাদিরপুরে ধান শুকানোর জায়গা (খলা) নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে হামিদ মিয়া ও হুসেন মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হুসেন মিয়ার সমর্থক আহাদ নুর গুরুতর আহত হন এবং দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে রফিনগরে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়া ও আশরাফ মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে শফিক মিয়ার সমর্থক গিয়াস উদ্দিন (৫৫) মারাত্মক আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উভয় ঘটনায় আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

