আটক বা গ্রেপ্তার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
শনিবার আটকের ঘটনার বর্ণনা দিয়ে রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ইউটিউবার ধ্রুব রাঠি। তিনি অভিযোগ করেছেন, সাদাপোশাকের ব্যক্তিরা তাকে অপহরণ করেছিলেন। পরে তাকে ছেড়ে দেয় গুরুগ্রাম পুলিশ।
ধ্রুব রাঠি বলেন, ‘আমি বিক্ষোভে গেলে হয়তো আমাকে আটক করা হতো। কিন্তু তারা আমাকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করেছেন। পরে জানতে পেরেছি, বাড়ির বাইরে ৫০ জনের বেশি লোক দাঁড়িয়ে ছিলেন। একজন অপরাধীর মতো আমাকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে।’
শনিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ধ্রুব রাঠিও ছিলেন। রোববার তাকে মুক্তি দেওয়া হয়।
ধ্রুব রাঠি কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীর সমর্থক এবং ভারতের ক্ষমতাসীন এনডিএ সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত।
নির্বাচনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ।
শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে তাকে আটক করা হয়। বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তরে পৌঁছাতে না পারেন, সে জন্য ওই দিন ভারতের রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছিল পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে ধ্রুব রাঠি যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আবারও আটকসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

