রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪ দেশ। একই সঙ্গে মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

গত সোমবার (২৩ নভেম্বর) ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, গণহত্যা সনদ অনুযায়ী মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক।

তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো।

এদিকে, যুক্তরাজ্য আলাদাভাবে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে, মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

এসব নিষেধাজ্ঞার আওতায় ওই কর্মকর্তাদের সম্পদ জব্দ এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পাশাপাশি, মিয়ানমারে প্লেনের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছে যুক্তরাজ্য।

এর আগে, রায় ঘোষণার পরপরই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এ ধরনের অপরাধের জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, মিয়ানমারে প্লেনের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাখাইন রাজ্যের প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় সহায়তার জন্য নতুন করে ৫০ লাখ পাউন্ড দেওয়া হবে।

পাশাপাশি, মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে আরও ৩০ লাখ পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য।

এর আগে, গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে।

আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো।

তবে, মিয়ানমার সরকার এই রায়কে অন্যায্য বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির সরকার রায়টিকে বড় ধরনের হতাশা বলেও উল্লেখ করেছে।

সূত্র: এনডিটিভি