মৌলভীবাজারে টাকাসহ বিএনপি কর্মী আটক
মৌলভীবাজার সদর উপজেলায় যৌথবাহিনীর চেকপোস্টে অভিযানে নগদ টাকাসহ বিএনপি কর্মী আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের খলিলপুর ইউনিয়নে যৌথবাহিনী নির্বাচনী বিশেষ চেকপোস্ট অভিযান চলাকালে স্থানীয় ব্রাহ্মণগ্রামের মো. রাজন নামে এক বিএনপি কর্মীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এ সময় নগদ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া কমান্ডিং অফিসার জানান, চলমান আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় অভিযান চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। পরবর্তীতে তল্লাশি করে তার কাছ থেকে নগদ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে মৌলভীবাজার সদর থানা স্টাইকিং পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত ভোটগ্রহণ দিনের প্রথম সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।
সচিব বলেন, ‘সারা দেশে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য আমাদের হাতে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সেখানে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’
ইসি সচিব আরও জানান, সারা দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে শুরু হবে ভোট গণনার কাজ।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের তথ্য পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে নিয়মিত বিরতিতে ভোটের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানানোর কথা রয়েছে।

