১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান। ফিফা উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে ২৮ সদস্যের একটি তরুণ স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। আর্জেন্টাইন কোচের ঘোষিত নতুন এই দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ১৬ বছর বয়সী বিস্ময়বালক।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন মনে করা হয় কাভানকে। মেজর লীগ সকারের (এমএলএস) দল ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন তিনি। ১৪ বছর বয়সেই এমএলএসে মাঠে নেমে রেকর্ড গড়েন কাভান। আমেরিকা বা কানাডার কোনো প্রধান পেশাদার ক্রীড়া লিগে অভিষিক্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনিই। এছাড়া ২০২৪ সালে এমএলএসের ইতিহাসে সবচেয়ে দামি স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন এবং বয়স ১৮ পূর্ণ হলেই কাভান ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন। গত মৌসুমে ফিলাডেলফিয়ার সাপোর্টার্স শিল্ড জয়েও বড় অবদান রাখেন এই মাঝমাঠের। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে থেকে ২৩ ম্যাচে ৬টি গোল করার পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছেন তিনি।
ফিলাডেলফিয়া ইউনিয়নে কাভানের সঙ্গে খেলেন তার বড় ভাই ২২ বছর বয়সী কুইন সুলিভান, যিনি গত বছর যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচে অংশ নেন। তবে এবারের স্কোয়াডে জায়গা পাননি কুইন। এই ফুটবলারদের পরিবারে বাংলাদেশের শেকড় বেশ গভীর। কাভানদের নানি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সুলতানা আলম বাংলাদেশের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। কাভানের ভাইদের মধ্যে রোনান ও ডেক্লান সুলিভান বাংলাদেশের হয়ে খেলতে চান। বিশেষ করে রোনান সুলিভান গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করে ইতোমধ্যে নজর কাড়েন।
বিশ্বকাপের পর নতুন মিশনে দল ঢেলে সাজিয়েছেন কোচ পচেত্তিনো। ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে নতুন মুখ রয়েছেন মোট ১২ জন। এছাড়া ১৮ বা এর কম বয়সী খেলোয়াড় রয়েছেন ছয়জন। এর ফলে দলটির বর্তমান গড় বয়স দাঁড়িয়েছে মাত্র ২২ বছর ৯ মাস, যা গত বিশ্বকাপ স্কোয়াডের গড় বয়সের চেয়ে চার বছরেরও বেশি কম।
নতুন দল ঘোষণা করে কোচ মাউরিসিও পচেত্তিনো বলেন, ‘সবার জন্য এটা নতুন শুরুর সূচনা। এই ম্যাচগুলোতে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি দারুণ সম্ভাবনাময় কিছু তরুণ প্রতিভাকে দলে নিতে পেরে আমরা উচ্ছ্বসিত।’ এই আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘আমাদের দলের সংস্কৃতি, কাজের ধরন এবং অবশ্যই আমরা কীভাবে খেলতে চাই-সেই বিষয়গুলো বোঝা তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, আমাদের সমর্থকরা যেমনটা প্রত্যাশা করে, ঠিক সেভাবে দেশের প্রতিনিধিত্ব করার মতো দৃঢ় মানসিকতা ও নিবেদন তাদের দেখাতে হবে।’
সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে মাঠে নামবে পচেত্তিনোর নতুন ধারার এই মার্কিন দলটি। এখন আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে প্রস্তুত ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই সেনসেশন।

