সিলেটে সীমান্তে পাসপোর্টবিহীন ৪ শিশুসহ ১৮ জন আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীনভাবে দেশে প্রবেশের সময় ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।
রোববার (২২ মার্চ) ভোর ৪টা ২০ মিনিটে জৈন্তাপুর থানাধীন ডিবির হাওর সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে কদমখাল এলাকায় পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন— মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১), হালিম খাঁ (৩৮), নাজমা বেগম (৩৫), রাশিদুল (৫), লিমা খাঁ (১৫), আব্দুল জয়নাল খাঁ (১৪), মো. রবিউল ইসলাম (২৫), মুসকান বেগম (২২), মো. রুবেল হোসেন (২৬), মুক্তা বেগম (২২) ও পারভিন আক্তার (৪৫)।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি লেগুনার চালক ইকবাল হোসেন (২৪) এবং রুস্তুম আলী (৩৩)-কেও আটক করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

