পোশাক ব্যবসায়ী থেকে গভর্নর মোস্তাকুর রহমান

পোশাক ব্যবসায়ী থেকে গভর্নর মোস্তাকুর রহমান

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের দায়িত্ব দিয়েছে তারেক রহমানের বিএনপি সরকার। পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান এক সময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ও আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি।

সম্প্রতি ঋণ খেলাপির তালিকায়ও আসে তার ব্যবসা প্রতিষ্ঠান হেরা সোয়েটার্সের নাম। বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নরের দায়িত্ব দেওয়া হল, যা এ খাত সংশ্লিষ্ট অনেককে বিস্মিত করেছে। চার বছর মেয়াদে তাকে গভর্নরের দায়িত্ব দিয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ অগাস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তার নেতৃত্বে শুরু হয় ব্যাংক খাতের সংস্কারের কাজ। দেড় বছরের মাথায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আলাদা প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেখানে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা বলা হয়েছে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ১৯৬৬ সালে ঢাকায় তার জন্ম, বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে। তার বড় ভাই মো. মোস্তাফিজুর রহমান মামুন ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। ব্যবসায়ী কোনো সংগঠনের নেতৃত্বে তাকে দেখা না গেলেও পেশাজীবী হিসেবে বিভিন্ন সংগঠনে সদস্য হিসেবে ছিলেন মোস্তাকুর রহমান। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালের জুলাই থেকে কাজ করে আসছিলেন তিনি। বর্তমান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী যখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন, সেসময় ১৯৯৮-২০০০ মেয়াদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর্ষদ সদস্য ছিলেন মোস্তাকুর রহমান। এমআরএম সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউজের প্রতিনিধি হিসেবে মোস্তাকুর সিএসইর বোর্ডে বসেছিলেন। দুই দফা মালিকানা বদলে সেই প্রতিষ্ঠানের নাম এখন ইউসিবি ব্রোকারেজ হাউজ। মোস্তাকুর রহমান আবাসন খাতের সংগঠন রিহ্যাব ও ঢাকার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে তিনি কাজ করেছেন।

ডিসেম্বরে ‘খেলাপি মুক্ত’ হয় হেরা সোয়েটার্স : নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নাম আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঋণ খেলাপি হিসেবে তার নাম আলোচনায় আসে। পরে এ বিষয়ে গণমাধ্যম খোঁজ নিয়ে জানতে পারে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) থেকে নেওয়া ঋণ যথাসময়ে পরিশোধ না করায় খেলাপি হয় তার কোম্পানি হেরা সোয়েটার্স লিমিটেড, যেটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তিনি।

বাংলাদেশ ব্যাংক ও এমটিবির কর্মকর্তারা বলেছেন, গত ডিসেম্বরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের সময় ৮৬ কোটি টাকার খেলাপি ঋণটি এককালীন ২ শতাংশ অর্থ পরিশোধের মাধ্যমে পুনঃতফশিল করা হয়। বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণ পুনঃতফসিল করতে নীতি সহায়তা দিয়ে নতুন সার্কুলার দেয়। সেই আলোকে এমটিবির ঋণটি মোস্তাকুর রহমান নবায়ন করে নেন। বেসরকারি ব্যাংকটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তাও এমন তথ্য দিয়ে বলেন, নিয়মিত ক্রয়াদেশ না পাওয়ায় রপ্তানি খাতের হেরা সোয়েটার্স ব্যাংকের টাকা দিতে পারছে না। তাদের সক্ষমতা আছে রপ্তানি বাড়ানোর। বাংলাদেশ ব্যাংক যে পলিসি সাপোর্ট দিয়েছে, সেই সার্কুলারের আলোকে তিনি পুনঃতফশিল করার আবেদন করেন। ২ শতাংশ এককালীন পরিশোধ করতে চান, তাতে পর্ষদ সম্মতি দেয়। বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের সেপ্টেম্বরে এবং নভেম্বরের ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে আগের চেয়ে ছাড় দিয়ে সার্কুলার করে। নভেম্বরে দ্বিতীয় দফার সার্কুলারে আগের চেয়ে শর্ত আরও শিথিল করা হয়। এরপর গত ২২ ফেব্রুয়ারি এককালীন পরিশোধ ২ শতাংশের বদলে ১ শতাংশ পরিশোধ করে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। আর নবায়ন করার পরবর্তী ছয় মাসের মধ্যে আরও ১ শতাংশ অর্থ পরিশোধের জুড়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।