ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই, সুনামগঞ্জ সীমান্তে গ্রেফতার ১

ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই, সুনামগঞ্জ সীমান্তে গ্রেফতার ১

ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত এলাকা থেকে জনি মিয়া (৩৫) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের গণি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জনি মিয়া রাজধানী ঢাকার তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক-এর টাকা বহনকারী গাড়ি আটকে প্রায় ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামি।

টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন জানান, ঘটনার পর থেকে জনি মিয়া আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে টেকেরঘাট সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।