সিলেটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরাসহ ২ যুবক আটক

সিলেটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরাসহ ২ যুবক আটক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে ১২৮ বস্তা ভারতীয় জিরাসহ দুই যুবককে আটক করেছে। 

শনিবার (২৯ নভেম্বর) রাতে মহানগর ডিবি পুলিশের একটি দল শাহপরাণ থানার দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করে।

আটককৃতরা হলেন—জৈন্তাপুর থানার কমলাবাড়ী, নিজপাট গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুল হাসান (৩০) এবং গোয়াইনঘাট থানার লাফলাউট গ্রামের আব্দুল বারীর ছেলে পারভেজ আহমদ (২৭)।

রোববার (৩০ নভেম্বর) বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রোববার দুপুরে এ তথ্যটি  নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা পুলিশের দল ভারতীয় জিরাভর্তি ১২৮ বস্তা উদ্ধার করেছে যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৭২ হাজার টাকা। জিরা পরিবহনে ব্যবহৃত ট্রাক (সিলেট-ট-১১-০৭০২)-টিও আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।