সমাজের দায়বদ্ধতা ও মানবতার কল্যাণে অনুকরণীয় দৃষ্টান্ত 

একজন নিঃস্বার্থ স্বপ্নবাজ মানুষ মনজুর আহমদ চৌধুরী

একজন নিঃস্বার্থ স্বপ্নবাজ মানুষ মনজুর আহমদ চৌধুরী

সিলেট শহরের কৃতি ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ি মনজুর আহমদ চৌধুরী বলেছেন, সমাজসেবা কোনো ব্যক্তির একার কাজ নয়; এটি একসাথে, একমনের সমষ্টিগত প্রচেষ্টার ফল। আমি যেদিন থেকে সমাজসেবার সঙ্গে সংযুক্ত হয়েছি, তখন থেকেই বিশ্বাস করেছি—মানুষের জন্য কাজ করাই জীবনের প্রকৃত অর্থ। আমাদের চারপাশে অসহায়, দুর্বল, অবহেলিত মানবসমাজ অপেক্ষা করে আছে একটি সহায় হাতের। আর সেই হাত বাড়িয়ে দিতে পারলেই আমরা প্রকৃত অর্থে মানুষ হবো।
রোববার রাতে টরন্টোর একটি রেস্টুরেন্টে সিলেট সদরবাসীর দেয়া এক সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন। মনজুর আহমদ চৌধুরী বলেন, আজকের এই মর্যাদাপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে সম্মানিত করার জন্য আপনাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের পুরো সমাজের সবার সংগ্রামের প্রতিফলন। আমি বিশ্বাস করি—আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে সামনে আরও বড় পরিসরে কাজ করতে পারব এবং আমাদের সমাজকে সুন্দর, মানবিক ও সাম্যের পথে এগিয়ে নিতে পারব।
তিনি বলেন, আমি এই পথে চলতে গিয়ে অনেকের সহযোগিতা পেয়েছি—বন্ধুমহল, পরিবার, সহকর্মী ও অনেক অজানা মুখ আমার পাশে থেকেছেন। আজকের এই সম্মান তাঁদেরও সম্মান। আমাদের সমাজে বিভিন্ন সমস্যা, বৈষম্য আর সংকটের ভিড়ে দাঁড়িয়ে যে ক’জন মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, তাঁদের প্রচেষ্টা যেন কখনো ব্যর্থ না হয়। আমরা যদি প্রত্যেকে একধাপ এগিয়ে আসি, তাহলে একটি পরিবর্তন সম্ভব। 
সিলেট্ সদর এসোসিয়েশনের সভাপতি বেলাল বখত রিপনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, কানাডায় বাংলাদেশ কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব ও একসময়ের সিলেটের আলোচিত ছাত্রনেতা মুজিবুল হক মুজিব, নজমুল হোসেন বিলাল, বিশিষ্ট সমাজকর্মী ও প্রবীণ রাজনীতিক মঈন উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সাবেক সভাপতি নওয়াজ চৌধুরী সাজু, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ চৌধুরী ও বর্তমান সভাপতি মাহবুব চৌধুরী রনি এবং ইউনাইটেড জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান চৌধুরী দুলু।


 মুজাহিদ আহমদ ও সাইফুদ্দিন চৌধুরী ভুট্টোর পরিচালনায় অনুষ্ঠানে বক্তরা মনজুর আহমদ চৌধুরীর কর্মময় জীবন তুলে ধরে বলেন, আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি একজন কৃতি মানুষকে সম্মান জানাতে। যাঁর অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও মানবিক কর্মপ্রচেষ্টা আমাদের সমাজকে আলোকিত করেছে—আমরা সেই সম্মাননীয় ব্যক্তিকে সংবর্ধিত করতে পেরে সত্যিই কৃতজ্ঞ ও গর্বিত। তার হাত ধরে আশির দশক থেকে সিলেটের অসংখ্য তরুণ আমেরিকা-কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আজ প্রতিষ্ঠিত।
বক্তারা বলেন, তাঁর সেবা শুধু কিছু মানুষের মুখে হাসি এনে দেয়নি, বরং সমাজে আশা জাগিয়েছে, মানবিক মূল্যবোধকে জাগ্রত করেছে। আমরা উপলব্ধি করেছি—সমাজসেবা শুধু দানের কাজ নয়, এটি হৃদয়ের গভীর এক তাগিদ। তিনি যেভাবে দরিদ্র, অসহায়, প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তা আমাদের সকলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। আজকের এই সংবর্ধনা কেবল ব্যক্তিগত সম্মান নয়—এটি বিশেষভাবে সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা, মানবতার প্রতি তাঁর ভালোবাসা এবং নিরন্তর সাধনার এক সার্থক স্বীকৃতি।
টরন্টোয় বসবাসরত মনজুর আহমদ চৌধুরীর কলেজ জীবনের বন্ধুরা বলেন, একজন বন্ধুর পক্ষে আজ কথা বলতে পেরে আমরা গর্ববোধ করছি। আমাদের প্রিয় বন্ধুটি সব সময়ই ছিলেন অন্যরকম। ছোটবেলা থেকেই তাঁর মধ্যে মানবিকতা ও সহমর্মিতার বীজ লালিত হয়েছে। সমাজের জন্য কিছু করতে পারার এক তীব্র ইচ্ছা তাঁকে পথ দেখিয়েছে। আজকের এই সম্মাননা কেবল তাঁর সফলতা নয়—এটি তাঁর সংগ্রাম, তাঁর আত্মত্যাগ আর তাঁর নীরব যুদ্ধের স্বীকৃতি। বন্ধু হিসেবে আমরা গর্বিত, তিনি শুধু আমাদের নয়, পুরো সমাজের গর্ব। তিনি সমাজের উন্নয়নে যে সপ্ন দেখেন, তা বাস্তবায়নে তিনি কখনো ক্লান্ত হননি। নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানো, উদ্যোগ নেওয়া এবং সংকট সময়ে নির্ভয়ে কাজ করে যাওয়া—এই গুণগুলো তাঁকে সত্যিই অসাধারণ করে তুলেছে। আমরা সবাই তাঁর দীর্ঘায়ু কামনা করি, এবং আশা রাখি ভবিষ্যতেও তাঁর কর্মধারা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি সাব্বির চৌধুরী লিটন, সাবেক ছাত্রনেতা ও চেয়ারম্যান মিসবাহুল কাদির ফাহিম, মাহবুব কাদির, এডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরী, মহসিন চৌধুরী, মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়েকুল হক চৌধুরী, মৌলভীবাজার এসোসিয়েশনের সভাপতি সুহেল মাহমুদ, বাবেল চৌধুরী, এম আর আজিজ, এডভোকেট আব্দুল মালিক, জালালাবাদ এসোসিয়েশনের নির্বাহী সভাপতি মকবুল হোসেন মঞ্জু, মাসুক চৌধুরী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাবুশাহ, ডা, প্রদীপ , মুজিবুল হক মুজিব, রাফে চৌধুরী, ইশরত চৌধুরী, প্রকৌশলী সুহেল কোরেশী, আলী খান চুন্নু, এবাদ চৌধুরী, আসাদ আহাদ নিশু প্রমুখ।