সিলেটে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২
সিলেটের ওসমানীনগর উপজেলায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাহজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর তিলাপাড়ার বাসিন্দা বারিক উদ্দিন (৬৫) ও আব্দুল আজিজ (৫৫)-এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দ্বন্দ্ব আরও তীব্র হয়। এছাড়া, দুই মাস আগে একটি জিপগাড়ি চলাচল নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। এসব ঘটনায় দুই পক্ষই পৃথকভাবে আদালতে মামলা দায়ের করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে শাহজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পর প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় শাকিল আহমদ নামে আরও একজন গুরুতর আহত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া এ তথ্যটি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

