সিলেট বিমানবন্দর এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার চেষ্টা

সিলেট বিমানবন্দর এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার চেষ্টা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বড়শালা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৫ নভেম্বর) রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে। তবে বাস দুটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাসে আগুন দেওয়ার চেষ্টার ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জ্যাকেট ও হেলমেট পরা অজ্ঞাত এক ব্যক্তি কাগজের মতো একটি বস্তুতে আগুন ধরিয়ে বাস দুটিতে আগুন দেওয়ার চেষ্টা করছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। তবে আগুনে বাস দুটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বাসে আগুন দেওয়ার চেষ্টার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা এবং কী উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।