ব্রিটেনে বাংলাদেশের দলীয় রাজনীতির নামে সংঘাত ও বিশৃঙ্খলা বন্ধ হোক- মিজানুর রহমান মিজান
প্রবাসে আমাদের সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একটি সচেতন নাগরিক আবেদন
সম্প্রতি লন্ডনে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঘিরে যে ধরনের বিক্ষোভ, পাল্টাপাল্টি স্লোগান, সংঘাত ও বিশৃঙ্খলার ভিডিও এবং সংবাদ আমরা দেখছি, তা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। বাংলাদেশের রাজনৈতিক মতপার্থক্য ও দলীয় বিরোধকে এভাবে বিদেশের মাটিতে নিয়ে এসে সংঘাতের পরিবেশ সৃষ্টি করার প্রবণতা আর কত দিন চলবে?
বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় আসে, তখন সেই সরকারের বিরোধিতা কিংবা সমর্থনের নামে প্রবাসের বিভিন্ন শহরেও রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ ও সংঘাত ছড়িয়ে পড়ে। প্রশ্ন হচ্ছে, বিদেশের মাটিতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য এই রাজনীতির শেষ পরিণতি কী?
আমরা যারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি কিংবা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করি, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, নিরাপত্তা ও সামাজিক পরিচিতির বিষয়টি কি একবারও ভেবে দেখছি?
আমাদের নতুন প্রজন্মের অনেকেই এমনিতেই বাংলাদেশের সঙ্গে সামাজিক ও মানসিক দূরত্ব অনুভব করছে। এর মধ্যে যখন তারা দেখে, তাদের বাবা-মায়ের জন্মভূমির মানুষ বিদেশের মাটিতেও রাজনৈতিক প্রতিহিংসা, মারামারি, হুমকি ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছে, তখন বাংলাদেশের প্রতি তাদের ইতিবাচক ধারণা কীভাবে তৈরি হবে?
ব্রিটেনের মতো একটি সভ্য, গণতান্ত্রিক ও আইনের শাসনে পরিচালিত দেশে এ ধরনের আচরণ শুধু আমাদের কমিউনিটির ভাবমূর্তিই ক্ষুণ্ন করছে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও ভুল বার্তা পৌঁছে দিচ্ছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ধরনের রাজনৈতিক সংঘাত মোকাবিলা করতে গিয়ে ব্রিটিশ পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতিরিক্ত সময়, জনবল ও অর্থ ব্যয় করতে হয়। এই অর্থ ও সম্পদ ব্রিটিশ জনগণের করের টাকা থেকে আসে। আমরা যে দেশে বসবাস করছি, সেই দেশের আইনশৃঙ্খলা ও জনসম্পদের প্রতি আমাদের কি কোনো দায়িত্ব নেই?
আমাদের মনে রাখতে হবে, ব্রিটেন আমাদের বসবাসের দেশ। এখানে আমাদের সন্তানরা বড় হচ্ছে, পড়াশোনা করছে, কাজ করছে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ছে। তাদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং একটি ইতিবাচক বাংলাদেশি পরিচয় নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
তাই সময় এসেছে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু গুরুত্বপূর্ণ দাবি ও উদ্যোগ গ্রহণ করার।
১. ব্রিটেনের মাটিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নামে সহিংসতা, উসকানি, হুমকি ও জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
২. বাংলাদেশের রাজনৈতিক বিরোধ বাংলাদেশের গণতান্ত্রিক পরিসরেই সীমাবদ্ধ রাখা উচিত। বিদেশের মাটিতে এসে প্রতিপক্ষকে হেনস্তা কিংবা সংঘাতে জড়ানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।
৩. যুক্তরাজ্যের প্রতিটি এলাকার সচেতন বাংলাদেশি নাগরিককে নিজ নিজ এলাকার এমপি (Member of Parliament)-এর কাছে ইমেইল ও চিঠির মাধ্যমে বিষয়টি তুলে ধরতে হবে।
৪. আমাদের দাবি হওয়া উচিত, ব্রিটিশ আইন অনুযায়ী জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার জন্য একই আইন প্রয়োগ নিশ্চিত করা হোক।
৫. বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে এসে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও রাজনীতির সংঘাতমুক্ত প্রবাসী পরিবেশ গড়ে তুলতে হবে।
আমাদের বক্তব্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের বিরুদ্ধে নয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত,এনসিপি কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হোন না কেন, সবারই শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে অন্যের নিরাপত্তা, স্বাধীনতা ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার অধিকার কারও নেই।
আমরা ব্রিটিশ সরকারের কাছে কোনো বিশেষ রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দাবি করছি না; বরং চাই, ব্রিটেনের আইন ও জনশৃঙ্খলা রক্ষার নীতিমালা সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর হোক। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতা ও বিশৃঙ্খলার কোনো স্থান যেন না থাকে।
পরিশেষে, যুক্তরাজ্যে বসবাসরত সকল সচেতন বাংলাদেশি ভাই-বোনের প্রতি আমার আহ্বান—দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিজ নিজ এলাকার এমপি, স্থানীয় কাউন্সিলর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখুন। শান্তিপূর্ণভাবে আমাদের উদ্বেগের কথা জানান।
আমরা চাই না, আমাদের সন্তানরা বিদেশের মাটিতে বাংলাদেশি পরিচয় দিতে গিয়ে লজ্জা বা নিরাপত্তাহীনতায় ভুগুক। আমরা চাই, তারা গর্বের সঙ্গে বলুক—আমরা বাংলাদেশি, আমরা শান্তিপ্রিয়, আমরা আইনকে সম্মান করি এবং যে দেশে বসবাস করি, সেই দেশের সমাজ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল।
বিদেশের মাটিতে আমাদের রাজনীতির প্রদর্শনী নয়, আমাদের পরিচয় হোক শিক্ষা, যোগ্যতা, সততা, মানবিকতা ও সুনামের মাধ্যমে।
আসুন, দল যার যার, দেশ ও কমিউনিটির সম্মান সবার।
এখনই সময় সচেতন হওয়ার। এখনই সময় ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার।

