৫ ইউরোপীয় দেশ থেকে অভিবাসীদের পাঠানো হবে রুয়ান্ডায়

৫ ইউরোপীয় দেশ থেকে অভিবাসীদের পাঠানো হবে রুয়ান্ডায়

ইউরোপে আশ্রয় চেয়েও যারা আইনি লড়াইয়ে হেরে গেছেন, তাদের জন্য অপেক্ষা করছে নতুন গন্তব্য। নিজ দেশে ফেরত পাঠানোর বদলে তাদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপের পাঁচটি দেশ।

এ জন্য দেশটিতে অভিবাসীদের ফেরত পাঠানোর একটি বিশেষ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তারা।

সোমবার (১৬ নভেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে। জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের এ উদ্যোগের সঙ্গে যুক্ত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গত সেপ্টেম্বরে দেশ পাঁচটি জানিয়েছিল, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের কোনো দেশে অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র স্থাপনের বিষয়ে তারা আলোচনা করছে।

যেসব অভিবাসীর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং ইউরোপে থাকার সব আইনি সুযোগ শেষ হয়েছে, তাদের এসব কেন্দ্রে পাঠানো হবে।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন প্রত্যাবাসন বিধিমালা অনুমোদিত হয়েছে। এতে সদস্যদেশগুলোকে ইউরোপের বাইরে প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।

এসব কেন্দ্রে মূলত তাদের রাখা হবে, যাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং ইউরোপে থাকার আর কোনো আইনি সুযোগ নেই। সেখান থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ হবে বলে মনে করছে দেশগুলো।

একই সঙ্গে, অভিবাসীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো এবং অবৈধ অভিবাসন কমানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তবে, এসব কেন্দ্র কীভাবে পরিচালিত হবে, সেখানে আটক অভিবাসীদের সঙ্গে কেমন আচরণ করা হবে এবং তাদের অধিকার কীভাবে সুরক্ষিত রাখা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে, ইউরোপের কয়েকটি দেশে নির্বাচন সামনে রেখে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে। এ পরিস্থিতিতে অভিবাসন নিয়ন্ত্রণে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরতে সরকারগুলোর ওপর চাপ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগের মাধ্যমে সরকারগুলো অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিতে চাইছে। একই সঙ্গে, নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে নিজেদের সক্ষমতা ও দৃঢ় অবস্থান ভোটারদের সামনে তুলে ধরতেও চাইছে তারা।

তবে, এ পরিকল্পনা যুক্তরাজ্যের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা পরিকল্পনার চেয়ে আলাদা। যুক্তরাজ্য আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন ব্যক্তিদেরও রুয়ান্ডায় পাঠাতে চেয়েছিল।

অন্যদিকে, নতুন ইউরোপীয় পরিকল্পনায় কেবল যাদের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে, তাদের অন্য দেশে পাঠানোর কথা বলা হয়েছে।

এছাড়া, পাঁচ দেশের নেতারা জানিয়েছেন, ইউরোপীয় ও আন্তর্জাতিক আইন মেনেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তবে, এ নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের প্রশ্ন, কোনো অভিবাসীর সঙ্গে রুয়ান্ডার সম্পর্ক না থাকলেও তাকে সেখানে পাঠানো হলে তার অধিকার লঙ্ঘনের দায় কে নেবে?

এ বিষয়ে ডেনিশ রিফিউজি কাউন্সিলের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক পরিচালক সেলিন মিয়াস বলেছেন, কোনো অভিবাসীর অধিকার লঙ্ঘিত হলে তিনি কোথায় প্রতিকার চাইবেন, তা স্পষ্ট নয়। একই সঙ্গে, এর দায় কে নেবে, সে প্রশ্নও রয়েছে।

এদিকে, কাউন্সিল অব ইউরোপ গত জুলাইয়ে সতর্ক করে বলেছিল, এ ধরনের প্রত্যাবাসন কেন্দ্র অভিবাসীদের মানবাধিকারের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

ইউরোপীয় কর্মকর্তাদের দাবি, বিপুলসংখ্যক অভিবাসীকে অন্য দেশে পাঠানোর চেয়ে তাদের ইউরোপে আসতে নিরুৎসাহিত করাই এ পরিকল্পনার মূল উদ্দেশ্য।

হাজার হাজার ইউরো খরচ করে বিপজ্জনক পথে ইউরোপে পৌঁছানোর পর অন্য দেশে পাঠানো হতে পারে, এমন আশঙ্কা থাকলে অনেকেই ইউরোপে আসার চেষ্টা থেকে বিরত থাকবেন বলে যুক্তি তাদের।

তবে সমালোচকদের মতে, কঠোর অভিবাসন নীতি দীর্ঘ মেয়াদে অভিবাসন কমাতে পারে, এমন প্রমাণ খুব বেশি নেই। মিক্সড মাইগ্রেশন সেন্টারের গবেষক রবার্তো ফরিন বলেছেন, কঠোর ব্যবস্থা অভিবাসীদের যাত্রার পথ বদলায়, কিন্তু যাত্রা বন্ধ করে না। এতে কৌশল বদলে আরও বেশি অর্থ দাবি করতে পারেন পাচারকারীরা।

মানবাধিকার পরিস্থিতি নিয়েও রুয়ান্ডার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। দেশটির প্রেসিডেন্ট পল কাগামের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধীদের দমন, মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা, নজরদারি ও নির্বিচার আটকের অভিযোগ তুলেছে বিভিন্ন সংগঠন।

এর আগে যুক্তরাষ্ট্রও রুয়ান্ডার সঙ্গে চুক্তি করে অভিবাসী পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ চুক্তির আওতায় সর্বোচ্চ ২৫০ জন অভিবাসীকে রুয়ান্ডায় পাঠানো যাবে।

অন্যদিকে, যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ২০২৩ সালে দেশটির রুয়ান্ডা পরিকল্পনাকে বেআইনি ঘোষণা করেন। এরপর লন্ডন সরকার পরিকল্পনাটি বাতিল করে। পরিকল্পনা বাতিল হওয়ায় পরে যুক্তরাজ্যের কাছে পাঁচ কোটি পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে রুয়ান্ডা।

সূত্র: রয়টার্স