সিলেটে মধ্যরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত

সিলেটে মধ্যরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত

সিলেট নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা ইমন দাস (২২) এবং জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস (২৩)। দীপ্ত দাস সিলেটের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা স্টেশন সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ২৫ থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই তরুণ গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম এ তথ্যটি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ ও ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য এসআই আলাউদ্দিন জানান, ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হবে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।