সুনামগঞ্জে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
সুনামগঞ্জের সদর উপজেলার সীমান্তবর্তী মইনপুর এলাকায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি পরিত্যক্ত গোদামঘর ও সুরমা নদীতে থাকা পরিত্যক্ত নৌকা থেকে ১টি ইঞ্জিনচালিত নৌকা, ১ হাজার ২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস বিভিন্ন কসমেটিকস সামগ্রী মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা সব চোরাই পণ্য শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

