মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার
রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতে এ রায় ঘোষণা শুরু হয়।
রায় পাঠের শুরুতেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার তথ্য তুলে ধরেন আদালত।
আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি আদালতের পর্যবেক্ষণগুলো পড়ে শোনানো শুরু করেন। তিনি জানান, ‘প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড,’ যৌন সহিংসতা এবং অন্যান্য নৃশংসতায় লিপ্ত ছিল। তিনি আরও বলেন, প্রমাণ থেকে দেখা যায় যে, রোহিঙ্গা গ্রামগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে ও বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।
তবে রায় পাঠের প্রক্রিয়া এখনো চলমান। গণহত্যার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত আইনি সিদ্ধান্ত ও মামলার অন্যান্য নির্দেশনা রায়ে কীভাবে উঠে আসে, তা জানার জন্য পুরো রায় ঘোষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কী এই মামলা, কেন এত গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযান ও ব্যাপক নির্যাতনের ঘটনায় দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে এ মামলা করে।
গাম্বিয়ার অভিযোগ, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনা ঘটানো হয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে গাম্বিয়া।
২০১৭ সালের ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের অনেকেই হত্যাকাণ্ড, গণধর্ষণ, নির্যাতন এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জাতিসংঘের তদন্ত দলও ওই অভিযানে গণহত্যার উপাদান থাকার কথা উল্লেখ করেছিল।
মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল- এমন অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছে।
মামলার পটভূমি
রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক আইনি লড়াই শুরু হয় ২০১৯ সালে গাম্বিয়ার মামলার মধ্য দিয়ে। ওই বছরের ১১ নভেম্বর দেশটি আইসিজেতে আবেদন করে। মামলায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।
২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। আদালত রোহিঙ্গাদের গণহত্যা সনদের আওতায় সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং গণহত্যার সম্ভাব্য প্রমাণ সংরক্ষণ করতে বলে।
পরবর্তী সময়ে মিয়ানমার আদালতের এখতিয়ার ও গাম্বিয়ার মামলা করার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানায়। তবে ২০২২ সালের ২২ জুলাই আইসিজে সেই আপত্তি খারিজ করে মামলাটি শুনতে আদালতের এখতিয়ার রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেয়।
এরপর মামলার মূল শুনানি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারিতে গাম্বিয়া ও মিয়ানমার উভয় পক্ষ আদালতে তাদের যুক্তি উপস্থাপন করে। গাম্বিয়া গণহত্যার অভিযোগের পক্ষে প্রমাণ তুলে ধরে, অন্যদিকে মিয়ানমার দাবি করে, গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়নি।
সূত্র: আল-জাজিরা, নিউইয়র্ক টাইমস

