চুক্তি ও আমদানি বাড়িয়েও স্বস্তি নেই, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে উদ্বেগ
উড়োজাহাজ কেনার চুক্তি কিংবা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর পরও মার্কিন শুল্কের চাপ থেকে রেহাই পাচ্ছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা। নতুন করে আরও ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবের তালিকায় বাংলাদেশকেও রেখেছে যুক্তরাষ্ট্র। এটি কার্যকর হলে বাংলাদেশের পণ্যে মোট শুল্কের হার দাঁড়াতে পারে ৩৩ শতাংশে। এতে বাজার হারানোর শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।
এ পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দর-কষাকষির সুযোগ কাজে লাগাবে সরকার।
উড়োজাহাজ কিনতে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে বড় অঙ্কের ক্রয়াদেশ দিয়েছে বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়িয়ে দ্বিগুণ করেছেন উদ্যোক্তারা। তবে মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রফতানিতে এখনও শুল্কমুক্ত সুবিধা মেলেনি। উল্টো নতুন করে আরও শুল্কের চাপ তৈরি হতে যাচ্ছে।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘নতুন করে বাংলাদেশের ওপর ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব এলে আমাদের সঙ্গে এত চুক্তি ও চুক্তির অগ্রগতির মূল্য কোথায় থাকল? এ অবস্থায় সরকারকে নতুন করে ভাবতে হবে।’
অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে চীন, বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামসহ ১৪টি দেশ ও জোটের ওপর ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর। জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশসহ বর্তমানে গড় শুল্ক ২৫ শতাংশের সঙ্গে নতুন করে ১৮ শতাংশ কার্যকর হলে মোট গড় শুল্ক দাঁড়াতে পারে ৩৩ শতাংশে। নতুন এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে দ্রুত তৎপর হওয়ার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ‘শুল্ক ১৮ শতাংশ হলেও তা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হবে। তাই এখনই কাজ শুরু করা দরকার। আলোচনার মাধ্যমে কীভাবে এই শুল্ক কমিয়ে আনা যায়, তার উদ্যোগ নিতে হবে।’
স্বল্প মেয়াদে রফতানি বাজার হারানোর শঙ্কা না দেখলেও দীর্ঘ মেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকতে অর্থনৈতিক কূটনীতি জোরদার ও আলোচনায় আরও কৌশলি হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, ‘আমাদের বিদ্যমান বাণিজ্য চুক্তি সংশোধনের সুযোগ আছে কি না, তা নিয়ে আলোচনা করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের টিকফা ফোরাম রয়েছে। এই ফোরামকে কীভাবে আরও কার্যকর করা যায়, সেটিও দেখতে হবে। টিকফায় বাণিজ্য ও বিনিয়োগ-দুই বিষয়ই রয়েছে। বাণিজ্য চুক্তির পাশাপাশি আরেকটি বিনিয়োগ চুক্তি করা যায় কি না, তা নিয়েও আলোচনা হতে পারে।’
এমন পরিস্থিতিতে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, ‘ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে তারা এই ট্যারিফ চুক্তিগুলো নিয়েছে। এখানে কিছু বিষয় রয়েছে, যেগুলো আমাদের কাছে অযৌক্তিক মনে হয়। সেগুলো নিয়ে কথা বলারও সুযোগ আছে।’
নতুন শুল্ক আরোপের আগে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত অংশীজনদের কাছ থেকে মতামত নেবে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি চূড়ান্ত হলে আগামী মাসেই তা কার্যকর হতে পারে।

