আগুনে পুড়ল ১২ মোটরসাইকেল

সিলেটে সাবেক-বর্তমান দুই এমপি’র বাড়িই আক্রান্ত

সিলেটে সাবেক-বর্তমান দুই এমপি’র বাড়িই আক্রান্ত

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে হামলাকারীরা ঘটনাস্থলে ১২টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

পরে বিক্ষুব্ধ লোকজন ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন। এতে মোটরসাইকেলগুলো পুড়ে যায়।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

 একই দিন  ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অগ্নিসংযোগের চেষ্টাও করা হয় বলে জানা গেছে। এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এম এ মালিক।

একই দিনে বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় সিলেটের রাজনৈতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি হয়েছে।
 ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌছান।

 সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার কথা তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।