বিভিন্ন স্থানে বাসে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতেও কয়েকটি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মিরপুর-১০ গোলচত্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির আসন ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বাসটির চালক ও সহকারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, বসিলায় মেরামতের জন্য রাখা এসপিবিএনের একটি গাড়িতে রাতে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ছাড়া, রংপুর মহানগরীর আর কে রোড এলাকায় ভোরে বিআরটিসির বাস কাউন্টারের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে ইঞ্জিনসহ পুরো বাসটি পুড়ে যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা ও চলন্ত দুটি বাসেও আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ৬টি মোটরসাইকেলে ১২ জন এসে বাসের নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে দেশীয় অস্ত্র দেখিয়ে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় মেঘলা পরিবহন নামে চলন্ত একটি বাসে যাত্রীবেশে থাকা দুই যুবক আগুন দিয়ে পালিয়ে যান। বাসে আগুন দেখতে পেয়ে বাকি যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে আসেন।
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ বোমা বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির ঘিরে দলটি নেতাকর্মীরা এ সহিংসতা চালিয়েছে।
এরপর বোমাবাজি, বাসে আগুনের ঘটনা কমলেও আবার শুরু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার কয়েক স্থানে বোমা বিস্ফোরণ হয়েছে। আগুন দেওয়া হয়েছে বাসেও।
এদিকে, শনিবার রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করে দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হয়েছে। শ্রমিকদের মধ্যেও অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বদ্ধপরিকর, দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারাকে নস্যাৎ করে দেব।’

