নবম শ্রেণির ছাত্রী অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক গ্রেফতার

নবম শ্রেণির ছাত্রী অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে তাকে অপহরণের ঘটনায় র‌্যাব অভিযান চালিয়ে সামিউল হক অনিক (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন ওলিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার সামিউল হক অনিক মাধবপুর থানাধীন মোহনপুর ধর্মঘর এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি ভিকটিম স্কুলছাত্রীর পাশের বাড়িতে স্ত্রীসহ ভাড়া বাসায় বসবাস করতেন। বিভিন্ন সময় তিনি ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানতে পেরে ভিকটিমের বাবা বাধা দিলে সামিউল ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মেয়েটিকে অপহরণের হুমকি দেন।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে স্কুলছাত্রী আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে পরে জানতে পারেন, বাড়ির সামনে আগে থেকেই ওঁৎ পেতে থাকা সামিউল হক অনিক ও তার সহযোগীরা জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলা দায়েরের পর অভিযানের মাধ্যমে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।