সমাজসেবা ও ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান
মিজানুর রহমান (মিজান)কে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রদান
ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে সমাজসেবা ও সাংবাদিকতায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ মিজানুর রহমান (মিজান)কে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) নগরীর কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রবাসী ব্যক্তিত্বদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসির খান। জেলা প্রশাসক মো. সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়, যেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রবাসীরা দেশের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, এবং তাদের অবদানকে সম্মান জানাতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মিজানুর রহমান সিলেট শহরের মিরাবাজার, আগপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বিশ্বনাথের কালিজুরি গ্রামে। তিনি কিশোরী মোহন প্রাইমারি স্কুল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মদনমোহন কলেজ এবং সিলেট সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। ১৯৮৯ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং গ্রেটার ম্যানচেস্টারের টেমসাইডের হাইডে স্থায়ী হন।
যুক্তরাজ্যে তিনি একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক, কমিউনিটি কর্মী ও সাংবাদিক হিসেবে সুপরিচিত। তিনি ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশন (JHF), যার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও কমিউনিটি সেবায় কাজ করে যাচ্ছেন।
তিনি হাইডে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ আদনান’স-এর মালিক এবং ২০ বছরের বেশি সময় ধরে ক্যাটারিং শিল্পের সঙ্গে যুক্ত। কোভিড-১৯ মহামারির সময় তিনি এনএইচএস কর্মী, কেয়ার হোম ও অসহায়দের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করেন এবং বাংলাভাষায় স্বাস্থ্যবিধি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনি নিয়মিত ঈদ ও ক্রিসমাস উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে আসছেন।
মিজান শিক্ষা ও যুব উন্নয়নে বিশেষভাবে সক্রিয়। তিনি প্রতিবছর এ লেভেল ও জিসিএসই কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেন এবং হাইড বয়েজ ক্রিকেট ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনের পথে উদ্বুদ্ধ করছেন।
সাংবাদিকতায় তিনি ২৩ বছরের বেশি সময় ধরে যুক্ত। বর্তমানে তিনি যুক্তরাজ্যের বৃহত্তম বাংলা টিভি চ্যানেল চ্যানেল এস-এর ম্যানচেস্টার ব্যুরো প্রধান। তিনি নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য।
এছাড়া তিনি লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ, বিভিন্ন বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মসজিদ কমিটি, রোটারি ক্লাব এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI)-এর সঙ্গে যুক্ত থেকে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কমিউনিটি উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

