শাহপরাণ মাজারের পুকুরে যুবকের গলা-কাটা মরদেহ উদ্ধার
সিলেটের শাহপরাণ মাজারের পুকুর থেকে হারুন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হারুন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহপরাণ মাজার এলাকায় পুকুরে এক ব্যক্তিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহপরাণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা (আঁচড়ের চিহ্ন) রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হারুন মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার (১ নভেম্বর) তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে তার মরদেহ শাহপরাণ মাজারের পুকুর থেকে উদ্ধার করা হয়।
শাহপরাণ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।”

