নিউহ্যামে মেয়র পদে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের নিউহ্যাম বারা কাউন্সিলের প্রথম বাঙালি নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেহমুদ মিজার পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট।
বৃহস্পতিবার লন্ডনের ৩২টি বারা কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাঁচটিতে সরাসরি ভোটে নির্বাহী মেয়র নির্বাচিত হন। নিউহ্যামে জয় পেয়ে ফরহাদ হোসেন এখন ব্রিটেনের মূলধারার রাজনীতিতে নির্বাচিত একমাত্র বাঙালি নির্বাহী মেয়র।
এর আগে যুক্তরাজ্যের প্রথম বাঙালি নির্বাহী মেয়র ছিলেন টাওয়ার হ্যামলেটসের লুতফুর রহমান। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে জয়ের পর ফরহাদ হোসেন বলেন, নিউহ্যাম বারার জন্য এটি একটি নতুন অধ্যায়। আমরা সবাই মিলে নিউহ্যাম গড়ব, যার প্রত্যেকটি বাসিন্দা নিজেদের বাসস্থান এখানে বলতে গর্ববোধ করবেন। নিউহ্যামের মেয়র নির্বাচিত হওয়া আমার জন্য বড় সম্মান।
নিউহ্যামের বাসিন্দা ফরহাদ হোসেন দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থানীয় সরকার ও দাতব্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে তিনি লন্ডনের একটি বড় অবকাঠামো প্রকল্পে দায়িত্ব পালন করছেন।

