দেশজুড়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ৮০ শতাংশ নারী রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২ মে) দুপুরে সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অনেক এলাকায় এখনো মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছায়নি। শুধু হাসপাতাল ও চিকিৎসক বাড়ালেই সমস্যার সমাধান হবে না, বরং রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করা জরুরি।
তিনি জানান, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের বাড়িতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি করবেন। খাদ্যাভ্যাস, জীবনযাপন, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি পরামর্শ দেবেন তারা।
তিনি আরও বলেন, পরিবারভিত্তিক স্বাস্থ্যসচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মোছা. তাহসিনা রুশদীর লুনাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

